• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:৫৭ এএম


ঢাকাসহ সারাদেশে হঠাৎ পুলিশের সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ আগস্ট ২০২৬ ১০:৩৬ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনার কথা জানানো হয়।

জরুরি বার্তায় বলা হয়েছে, পুলিশের জিপ, পিকআপ, বাসসহ সব ধরনের সরকারি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা শিথিলতা গ্রহণযোগ্য হবে না। দায়িত্ব পালনের সময় যেমন সতর্ক থাকতে হবে, তেমনি দায়িত্ব শেষে পার্কিং করে রাখা যানবাহনের নিরাপত্তাও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে। একই সঙ্গে যানবাহনগুলোকে সার্বক্ষণিক পুলিশ সদস্যদের নজরদারির মধ্যে রাখতে হবে। চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো অবস্থাতেই কোনো পুলিশি যানবাহন অরক্ষিত অবস্থায় ফেলে রাখা যাবে না।

এ ছাড়া দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইন, অফিস কম্পাউন্ড কিংবা নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের কথাও বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তর তাদের বার্তায় বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা এবং সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তাদের এই নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

/এসএন