টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটির চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রা বাতিল করা হয়েছে। পরে ট্রেনটি সেখান থেকেই পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ভোররাত থেকেই চট্টগ্রাম রেলস্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেলওয়ের তথ্য অনুযায়ী, ষোলশহর-জানআলীহাট সেকশনের রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা না কমা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করতে পারবে না।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব যাত্রী যাত্রা বাতিল করে টিকিটের মূল্য ফেরত নিতে চান, তারা চট্টগ্রাম রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত নিতে পারবেন।
অন্যদিকে, যেসব যাত্রী ঢাকায় ফিরে যেতে ইচ্ছুক, তারা বুধবার বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে, তার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
/এসএন