• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ এএম


জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ জুন ২০২৬ ১১:৫৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না। বরং সেই অর্থ জনগণের কল্যাণ এবং জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে।

বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে প্রশ্ন তোলেন—ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের অর্থ কোথা থেকে আসবে। এ প্রসঙ্গে তিনি উপস্থিত জনগণকে সাক্ষী রেখে বলেন, গত এক যুগ ধরে দেশের জনগণের অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। তবে বর্তমান সরকার আর জনগণের অর্থ পাচার হতে দেবে না।

তিনি বলেন, জনগণের অর্থ দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। দেশের উন্নয়ন এবং মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সেই অর্থ ব্যয় করা হবে। ফলে অর্থের কোনো সংকট হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, যারা দেশ থেকে অর্থ পাচার করেছে এবং যারা জনগণের অর্থ বিদেশে সরিয়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে। সবাই যদি সজাগ থাকে, তাহলে দেশের অর্থ আর বিদেশে পাচার করা সম্ভব হবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করা হবে।

দেশের মানুষের ভাগ্য বদলে সরকারের উদ্যোগে জনগণের সমর্থন রয়েছে কি না—এ প্রশ্ন করলে অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার চা শ্রমিকসহ শ্রীমঙ্গলের নারী-পুরুষ সমস্বরে সম্মতি জানান।

এর আগে পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংগীত এবং পরে বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন। পরে কম্পিউটারে বাটন চেপে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

একই অনুষ্ঠানে চা শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানে শ্রমিকদের জন্য দুই লাখ টাকা করে অনুদান, চা শ্রমিকদের সন্তানদের জন্য বৃত্তি এবং প্রতিবন্ধীদের জন্য আর্থিক অনুদানের চেকও বিতরণ করেন প্রধানমন্ত্রী।

বিএনপিকে গণমানুষের দল উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং জনগণের শক্তিই দলটির সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই তাদের সব ক্ষমতার উৎস। দেশের মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় এনেছে।