• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০২:৫০ পিএম


‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম পরিবর্তনে প্রধানমন্ত্রীর নির্দেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুন ২০২৬ ১১:৪৩ পিএম

দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে বগুড়া জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২০ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এর আগে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে জেলা প্রশাসককে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক জানান, শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারের স্বাক্ষরিত চিঠি শনিবার বিকেলে তার কাছে পৌঁছেছে।

তিনি আরও জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ফোন করে নতুন তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করতে হবে। একই সঙ্গে এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করে নতুন নাম নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠি পাওয়ার পরপরই জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর ছেলেদের নামের সঙ্গে ইউনিয়নের নাম মিলে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এ নিয়ে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে প্রতিমন্ত্রী নিজেও বিব্রতবোধ করেন। ইউনিয়নের নামকরণ নিয়ে ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ এড়াতে তিনি নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান।

এর আগে গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের ঘোষণা দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম রাখা হয় ‘মীরবাড়ী’।

অন্যদিকে নবগঠিত মোকামতলা উপজেলায় গঠিত তিনটি ইউনিয়নের নাম নির্ধারণ করা হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’। নতুন চার ইউনিয়নের মধ্যে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম তিনটি নিয়েই মূল বিতর্কের সৃষ্টি হয়।

অভিযোগ ওঠে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’। পাশাপাশি তার বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নামের মিল রয়েছে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে নামকরণ প্রক্রিয়া ও গণশুনানির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপিত হয়।

সংসদে এ বিষয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করেছেন। নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামতও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সৈয়দপুর ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকা গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম ‘সীমান্ত’ রাখা হয়েছে। একইভাবে অন্য এলাকার ভৌগোলিক অবস্থান বিবেচনায় ‘দিগন্ত’ নাম নির্ধারণ করা হয়েছে। তার দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়ন দুটির নাম মিলে যাওয়াকে তিনি কাকতালীয় বলে দাবি করেন।

/এসএন