• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম


বোতলজাত পানি পান করলে বছরে শরীরে ঢুকতে পারে অতিরিক্ত ৯০ হাজার মাইক্রোপ্লাস্টিক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ৯:৪৫ পিএম

প্লাস্টিকের বোতলে সংরক্ষিত পানি নিয়মিত পান করা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকির কারণ হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত বোতলজাত পানি পান করেন, তাদের শরীরে বছরে প্রায় ৯০ হাজার অতিরিক্ত মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করতে পারে।

কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সারা সাজেদি প্রায় ১৪০টি বৈজ্ঞানিক গবেষণাপত্র বিশ্লেষণ করে এ তথ্য তুলে ধরেছেন। তার গবেষণায় দেখা যায়, একজন মানুষ খাবার ও পানীয়ের মাধ্যমে বছরে গড়ে ৩৯ হাজার থেকে ৫২ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা শরীরে গ্রহণ করেন। তবে প্রতিদিন বোতলজাত পানি পানকারীদের ক্ষেত্রে এ সংখ্যার সঙ্গে আরও প্রায় ৯০ হাজার অতিরিক্ত মাইক্রোপ্লাস্টিক কণা যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

গবেষক সারা সাজেদির মতে, জরুরি পরিস্থিতিতে প্লাস্টিকের বোতলের পানি পান করা যেতে পারে। তবে এটিকে নিয়মিত অভ্যাসে পরিণত করা উচিত নয়। কারণ এর ক্ষতিকর প্রভাব তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও দীর্ঘ সময় ধরে এটি শরীরের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকের অত্যন্ত ক্ষুদ্র কণা, যার আকার এক মাইক্রোমিটার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এর চেয়েও ছোট ন্যানোপ্লাস্টিক খালি চোখে দেখা যায় না। বিশেষজ্ঞরা বলছেন, বোতল তৈরির সময়, সংরক্ষণ ও পরিবহনের বিভিন্ন ধাপে—বিশেষ করে অতিরিক্ত তাপ বা রোদের প্রভাবে নিম্নমানের প্লাস্টিক থেকে এসব কণা পানির সঙ্গে মিশে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, শরীরে প্রবেশ করার পর এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা রক্তের সঙ্গে মিশে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে পৌঁছাতে পারে। এর ফলে দীর্ঘস্থায়ী প্রদাহ, হরমোনের ভারসাম্যহীনতা, প্রজননক্ষমতার ক্ষতি এবং স্নায়ুতন্ত্রের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে। এছাড়া কিছু গবেষণায় ক্যানসারের সঙ্গে এর সম্ভাব্য সম্পর্কেরও ইঙ্গিত পাওয়া গেছে।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিকের ব্যাগ ও স্ট্র ব্যবহারে নানা ধরনের বিধিনিষেধ থাকলেও প্লাস্টিকের বোতল ব্যবহারের ক্ষেত্রে কার্যকর নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে কম। তাই বিশেষজ্ঞরা নিরাপদ পানির বিকল্প ব্যবস্থা ব্যবহারের পাশাপাশি অপ্রয়োজনীয়ভাবে প্লাস্টিকের বোতলের ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছেন।

/এসএন