• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম


এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার কার্যকর কিছু ঘরোয়া কৌশল

আপডেট টাইম: ১৭ এপ্রিল ২০২৬ ৪:৩০ পিএম

তীব্র গরমে জনজীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে, তখন ঘর ঠান্ডা রাখতে অনেকেই এসি বা কুলারের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তবে বিশেষজ্ঞরা বলছেন, সারাক্ষণ এসি চালানোর চেয়ে ঘরের ভেতরে তাপ ঢোকা বন্ধ করাই বেশি কার্যকর উপায়।

কিছু সহজ পরিবর্তন এবং জানালার সঠিক ব্যবহারের মাধ্যমে খুব সহজেই গরম ঘরকে আরামদায়ক রাখা সম্ভব। ঘরের তাপমাত্রা বাড়ার অন্যতম বড় কারণ হলো জানালা দিয়ে ঢোকা সরাসরি সূর্যের তাপ ও গরম বাতাস। এ সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা কিছু কার্যকর কৌশল দিয়েছেন—

১. জানালা দিয়ে তাপ নিয়ন্ত্রণ
পুরনো বা ত্রুটিপূর্ণ জানালা ঘর গরম হওয়ার বড় কারণ। আধুনিক ইউপিভিসি উইন্ডো ব্যবহার করলে তাপ অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। এসব জানালার মাল্টি-চেম্বার গঠন বাইরের গরম বাতাস ভেতরে ঢুকতে বাধা দেয় এবং ঘরকে তুলনামূলক ঠান্ডা রাখে।

২. সঠিক ধরনের জানালা বেছে নেওয়া

স্লাইডিং উইন্ডো: ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বাতাস চলাচল স্বাভাবিক রাখে।
কেসমেন্ট উইন্ডো: শক্ত সিলিংয়ের কারণে বাইরের গরম বাতাস প্রবেশ করতে পারে না, তাই তাপ নিয়ন্ত্রণে বেশ কার্যকর।
টিল্ট অ্যান্ড টার্ন উইন্ডো: আংশিক বা পুরোটা খোলা যায়, ফলে প্রয়োজন অনুযায়ী বাতাস চলাচল নিয়ন্ত্রণ করা যায়—বিশেষ করে বেডরুমের জন্য উপযোগী।

৩. পর্দা ও ঘরের ভেতরের ব্যবস্থাপনা

প্রতিফলনকারী পর্দা ব্যবহার: গাঢ় রঙের বদলে হালকা বা রিফ্লেক্টিভ কাপড়ের পর্দা ব্যবহার করলে সূর্যের তাপ প্রতিফলিত হয়ে ঘর ঠান্ডা থাকে।
ঘর গোছানো রাখা: অতিরিক্ত আসবাবপত্র বাতাস চলাচলে বাধা দেয় এবং তাপ আটকে রাখে। খোলামেলা ও গোছানো ঘর তুলনামূলক ঠান্ডা থাকে।
ইনডোর গাছ রাখা: ঘরের ভেতরে গাছ রাখলে বাতাস পরিশুদ্ধ হয় এবং আর্দ্রতা বজায় থাকে, যা শীতল পরিবেশ তৈরি করতে সাহায্য করে।

এই সহজ কৌশলগুলো মেনে চললে এসির ওপর নির্ভরতা কমিয়েও গরমের মধ্যে ঘরকে অনেকটাই আরামদায়ক রাখা সম্ভব।