ভারতের রাজধানী নয়াদিল্লির শালিমার বাগ এলাকায় মঙ্গলবার গভীর রাতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।বড় একটি হাসপাতালের পাশের সড়কের দুই পাশে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় একটি মসজিদের আংশিক অংশও ভেঙে ফেলা হয়েছে।কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, জেসিবি মেশিন ব্যবহার করে সড়কের উভয় পাশে যেসব স্থাপনাকে অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট এলাকায় বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন।স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, উচ্ছেদ অভিযানের আগে তাদের নোটিশ দেওয়া হয়েছিল। তবে ওই নোটিশের সময়সীমা কিংবা কী ধরনের প্রক্রিয়ার মাধ্যমে তা দেওয়া হয়েছিল, সে বিষয়ে তারা স্বতন্ত্রভাবে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।এদিকে গভীর রাতে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) দিল্লি শাখার সভাপতি শোয়েব জামাই। তাঁর দাবি, রাতের বেলায় মসজিদটি ভাঙার অভিযান চালানো হয়েছে।শোয়েব জামাই আরও বলেন, ওই ধর্মীয় স্থাপনাকে ঘিরে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় গভীর রাতে মসজিদ ভাঙার অভিযান পরিচালনার বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
/বিএসএস