পশ্চিমবঙ্গের তিস্তা নদীর হাড়কাঁপানো ঠান্ডা ও উত্তাল স্রোতে ভেসে যাওয়া একটি হাতিশাবককে উদ্ধার করেছেন দুই সাহসী জেলে। নিজেদের জীবনের ঝুঁকি উপেক্ষা করে প্রায় তিন কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে তারা শাবকটিকে উদ্ধার করেন। পরে বন বিভাগের সহায়তায় সেটিকে নিরাপদে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। সম্প্রতি এনডিটিভিতে প্রকাশিত একটি প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে ঘটনাটি সামনে আসে।স্থানীয় সূত্রে জানা যায়, মালবাজার মহকুমার তিস্তা নদীর ১২ নম্বর স্পার এলাকার কাছে নদীতে মাছ ধরছিলেন ওই দুই জেলে। এ সময় হঠাৎ তাদের নজরে পড়ে, তীব্র স্রোতের টানে একটি হাতিশাবক ভেসে যাচ্ছে। পানিতে টিকে থাকার জন্য শাবকটি প্রাণপণে চেষ্টা করছিল।পরিস্থিতি বুঝতে পেরে কোনো ধরনের ঝুঁকির কথা না ভেবেই দুই জেলে তাদের নৌকা ঘুরিয়ে হাতিশাবকটির দিকে এগিয়ে যান। তিস্তার প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে প্রায় তিন কিলোমিটার নৌকা চালানোর পর তারা ক্লান্ত শাবকটির কাছে পৌঁছান। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে সেটিকে নৌকায় তুলে নিরাপদে তীরে নিয়ে আসেন।হাতিশাবকটিকে উদ্ধারের পরপরই স্থানীয় বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং শাবকটির শারীরিক অবস্থা পরীক্ষা করেন। পরে দীর্ঘ প্রচেষ্টার পর বন বিভাগের সহায়তায় হাতিশাবকটিকে তার মায়ের সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়া সম্ভব হয়।এদিকে, দুই জেলের এই সাহসিকতাপূর্ণ উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের প্রশংসায় সরব হয়েছেন নেটিজেনরা। বিশেষ করে উদ্ধারের পর ছোট্ট হাতিটির জেলেদের প্রতি স্নেহপূর্ণ আচরণ মানুষের নজর কেড়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আবেগ ও প্রশংসার জন্ম দিয়েছে।
/বিএসএস