• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম


শিগগিরই চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: দাবি ভারতীয় মন্ত্রীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ সেপ্টেম্বর ২০২৬ ৪:২১ পিএম

ভারতের উত্তরপ্রদেশকে শিগগিরই চারটি আলাদা রাজ্যে ভাগ করা হতে পারে বলে দাবি করেছেন রাজ্যটির মন্ত্রী ও সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি) প্রধান ওম প্রকাশ রাজভার। একই সঙ্গে পূর্বাঞ্চল আলাদা রাজ্য হলে সেখানকার প্রথম মুখ্যমন্ত্রী রাজভার সম্প্রদায়ের কেউ হতে পারেন বলেও মন্তব্য করেছেন তিনি।মঙ্গলবার এক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত রোববার আম্বেদকরনগর জেলায় একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় রাজ্য ভাগের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার কথা হয়েছে বলে দাবি করেন রাজভার। বর্ণ শুমারি শেষ হওয়ার পর উত্তরপ্রদেশ ভাগের বিষয়ে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি।রাজভার বলেন, বর্ণ শুমারি শেষ হয়ে গেলে উত্তরপ্রদেশ ভাগ করতে আর কোনো সমস্যা থাকবে না। বর্ণ শুমারি শেষ হওয়ার পর রাজ্যকে ভাগ করা হবে বলে প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন বলেও দাবি করেন তিনি।বিজেপির সঙ্গে জোটবদ্ধ এই নেতা আরও বলেন, আগামী দিনে উত্তরপ্রদেশকে পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, বুন্দেলখণ্ড ও হরিত প্রদেশ—এই চার ভাগে বিভক্ত করা হতে পারে।পূর্বাঞ্চল আলাদা রাজ্যে পরিণত হলে সেখানকার প্রথম মুখ্যমন্ত্রী রাজভার সম্প্রদায়ের কেউ হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, ওই অঞ্চলে রাজভার সম্প্রদায়ের ভোটারের সংখ্যা বেশি।২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজভারের এই বক্তব্যের মধ্য দিয়ে উত্তরপ্রদেশ ভাগের পুরোনো দাবি আবারও আলোচনায় এসেছে। ৪০৩টি বিধানসভা আসনের উত্তরপ্রদেশকে সাধারণত পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল, বুন্দেলখণ্ড ও পূর্বাঞ্চল—এই চার অঞ্চলে ভাগ করে দেখা হয়।রাজ্যের রাজধানী থেকে দূরত্ব এবং অঞ্চলভেদে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দীর্ঘদিন ধরে বুন্দেলখণ্ড ও পূর্বাঞ্চলকে পৃথক রাজ্য করার দাবি জানিয়ে আসছে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল।এর আগে ২০১১ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মায়াবতীর নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টির সরকার উত্তরপ্রদেশ ভাগের বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছিল। ওই বছর রাজ্য বিধানসভায় উত্তরপ্রদেশকে চারটি রাজ্যে ভাগ করার একটি প্রস্তাব পাস হয়। তবে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

/বিএসএস