দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত বিশ্ববিখ্যাত তাজমহল পরিদর্শন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী জ্যানেট ডাউসডেবেস রুবিও।
সোমবার (২৫ মে) ১৭শ শতকের মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন এবং বিশ্ববিস্ময় তাজমহল ঘুরে দেখেন মার্কো রুবিও দম্পতি। সোমবার দুপুরে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ভারতে মার্কো রুবিওর প্রথম আনুষ্ঠানিক সফর। সফরের অংশ হিসেবেই তিনি ঐতিহাসিক এই সৌধ পরিদর্শনে যান।
তাজমহল ঘুরে দেখার সময় মার্কো রুবিও ও তার স্ত্রী ধবল সাদা মার্বেল পাথরে নির্মিত এই ঐতিহাসিক স্থাপনার সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্মৃতিময় ছবি তোলেন। একইসঙ্গে তারা তাজমহলের স্থাপত্যশৈলী ও এর ঐতিহাসিক গুরুত্বও ঘুরে দেখেন।
এর আগে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত শনিবার (২৩ মে) ভারতে পৌঁছান মার্কো রুবিও। নির্ধারিত সফরের অংশ হিসেবে কলকাতা সফর শেষে সোমবার তিনি আগ্রা পরিদর্শন করেন। সফরের বাকি সময় তিনি জয়পুর এবং ভারতের রাজধানী নয়াদিল্লি সফর করবেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক নীতি এবং দক্ষিণ এশিয়ায় বিশেষ করে পাকিস্তান ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাড়তি যোগাযোগের কারণে বর্তমানে ওয়াশিংটন ও নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে।
এই প্রেক্ষাপটে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক, রাজনৈতিক এবং কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী ও জোরদার করতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এই গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
/এসএন