• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম


মালয়েশিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবি, নিখোঁজ অন্তত ১৪ জন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ৮:১১ পিএম

মালয়েশিয়া–এর পশ্চিম উপকূলে পাংকর দ্বীপ–এর কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৪ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের সবাই ইন্দোনেশিয়া–এর নাগরিক বলে ধারণা করা হচ্ছে। নৌকাটিতে মোট ৩৭ জন অবৈধ অভিবাসী ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) জানায়, সোমবার ভোরে এক স্থানীয় জেলে সমুদ্রে কয়েকজন মানুষকে ভাসতে দেখে কর্তৃপক্ষকে খবর দেন। পরে উদ্ধার অভিযান চালিয়ে ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।পেরাক অঙ্গরাজ্যের এমএমইএ পরিচালক মোহাম্মদ শুকরি খোতব এক বিবৃতিতে বলেন, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকাজে নৌযান, হেলিকপ্টার ও নজরদারি বিমান মোতায়েন করা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিবাসীরা গত ৯ মে ইন্দোনেশিয়ার কিসারান এলাকা থেকে যাত্রা শুরু করেছিলেন। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়ার পেনাং, তেরেঙ্গানু, সেলাঙ্গর এবং কুয়ালালামপুর–সহ বিভিন্ন এলাকা।উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।তুলনামূলকভাবে উন্নত অর্থনীতির দেশ মালয়েশিয়ায় এশিয়ার বিভিন্ন দরিদ্র দেশ থেকে আসা লাখ লাখ অভিবাসী কাজ করেন।

নির্মাণ ও কৃষিখাতে নিয়োজিত এসব শ্রমিকের বড় একটি অংশ অবৈধভাবে সেখানে অবস্থান করছেন।বিশেষজ্ঞদের মতে, মানবপাচারকারী চক্রের মাধ্যমে সমুদ্রপথে মালয়েশিয়ায় প্রবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রায়ই এ ধরনের নৌকাডুবির ঘটনা ঘটে। গত বছরের নভেম্বরে থাই-মালয়েশিয়া উপকূলের কাছে আরেকটি নৌকাডুবিতে ৩৬ অভিবাসীর মৃত্যু হয়েছিল।

/বিএসএস