যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছে ইরান। তেহরান জানিয়েছে, তাদের লক্ষ্য কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং চলমান সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করা।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবের জবাব হিসেবে ইরান নতুন করে ১৪ দফা পরিকল্পনা জমা দিয়েছে। এই কূটনৈতিক প্রক্রিয়ায় পাকিস্তান সরকারের মধ্যস্থতা রয়েছে।
তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি বলেন, “চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে— সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।”
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দুই মাস সময় চেয়ে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান সেটি প্রত্যাখ্যান করে জানিয়েছে, সব ধরনের সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই করতে হবে।
ইরানের প্রস্তাবিত এই ১৪ দফা পরিকল্পনায় কয়েকটি কঠোর শর্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ভবিষ্যতে কোনো ধরনের সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা প্রদান, ইরানের সীমান্তবর্তী অঞ্চল থেকে সব মার্কিন বাহিনী প্রত্যাহার, দেশটির ওপর আরোপিত নৌ অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ করা ইরানের সম্পদ ফেরত দেওয়া। এছাড়া লেবাননসহ বিভিন্ন রণাঙ্গনে চলমান যুদ্ধ বন্ধ করার বিষয়টিও এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
/এসএন