• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১২ পিএম


পশ্চিমবঙ্গে ফের চালু হচ্ছে বন্ধ পশুহাট, স্বস্তি ফিরতে পারে কৃষকদের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ অক্টোবর ২০২৬ ১১:১১ পিএম

পশ্চিমবঙ্গে ফের চালু হচ্ছে বন্ধ পশুহাট, মন্ত্রিসভার অনুমোদন

ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে রাজ্যের পশুহাটগুলো। নির্দিষ্ট সরকারি বিধি ও নিয়ম মেনে বন্ধ থাকা সব পশুহাট পুনরায় চালুর সিদ্ধান্তে সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের ফলে পশুপালনের সঙ্গে যুক্ত কৃষক ও গ্রামীণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে।

প্রতিবেদন অনুযায়ী, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পশু কেনাবেচার ওপর বিধিনিষেধ কঠোর করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কঠোর অবস্থানের কারণে পশুহাটগুলো বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় হাট বন্ধ থাকায় গ্রামীণ অর্থনীতিতে প্রভাব পড়ে। সংকটে পড়েন পশুপালনকে জীবিকা হিসেবে বেছে নেওয়া বহু কৃষক ও সাধারণ মানুষ।

অবশেষে সরকারি নিয়ম মেনে পশুহাটগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের দাবি, নজরদারি বাড়ানোর ফলে পশুহাটে অবৈধ কারবার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এতে কৃষক ও ক্রেতা—উভয় পক্ষই নিরাপদ পরিবেশে গবাদিপশু কেনাবেচা করতে পারবেন এবং পশুর ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ তৈরি হবে।

সরকারের এ সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন রাজ্যের আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু কল্যাণবিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গ্রামীণ মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে পশু কেনাবেচাকে সুনির্দিষ্ট, স্বচ্ছ ও সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্য থেকে অবৈধ পশু পাচার ও গরু পাচার বন্ধ করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

/এএসএফ