দিল্লিতে গণআটকের নিন্দা, আটক ব্যক্তিদের মুক্তি দাবি অ্যামনেস্টির
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভকারীদের গণআটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ ঘটনায় ভারত সরকারের কঠোর সমালোচনা করে সংস্থাটি বলেছে, বিরোধী দলগুলোর প্রতিবাদ দমন এবং ভিন্নমত স্তব্ধ করতে দিল্লির প্রশাসনের পদক্ষেপ দেশে ‘আতঙ্কের পরিবেশ’ তৈরির চেষ্টা।
সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেল বলেন, বিরোধী দলের নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও আইনজীবীসহ পাঁচ হাজারের বেশি মানুষকে আটক করার খবর পাওয়া গেছে।
তিনি বলেন, দিল্লি পুলিশের এই ব্যাপক আটক অভিযান থেকে বোঝা যায়, সরকার যেকোনো উপায়ে সমালোচনামূলক কণ্ঠকে দাবিয়ে রাখতে চাইছে।
আন্তর্জাতিক মানদণ্ড ও মানবাধিকার রক্ষার ওপর গুরুত্ব দিয়ে আকার প্যাটেল বলেন, যারা শুধু বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণভাবে সমাবেশ করার মৌলিক অধিকার চর্চার কারণে আটক হয়েছেন, তাঁদের অবিলম্বে ও বিনাশর্তে মুক্তি দিতে হবে।
তিনি আরও বলেন, সংবিধানে স্বীকৃত প্রতিবাদের অধিকার রক্ষায় সরকারকে সর্বোচ্চ সহনশীলতা দেখাতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও ভারতের নিজস্ব সংবিধানের বাধ্যবাধকতা মেনে সাধারণ মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার নিশ্চিত করতে হবে।
/এএসএফ