সৌদি আরবের পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ধর্মীয় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন এই অভিনেত্রী।
পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন কেয়া পায়েল। ভিডিওতে তাঁকে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভিডিওটি প্রকাশ করে ক্যাপশনে কেয়া পায়েল লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ এই বক্তব্যের মাধ্যমে পবিত্র ওমরাহ পালনের অভিজ্ঞতাকে নিজের জীবনের বিশেষ একটি মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি।
একই পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য ভক্তদের প্রতি আহ্বান জানান কেয়া পায়েল। এ বিষয়ে তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’
অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব তুলে ধরে বক্তব্যের শেষাংশে অভিনেত্রী আরও বলেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই বার্তার মধ্য দিয়ে অন্যের প্রতি সম্মান প্রদর্শন এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন কেয়া পায়েল।
তাঁর পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যের ঘরে সিফাত বিন রুবেল নামের এক ভক্ত লেখেন, ‘আপনার নাটক খুব ভাল্লাগে, হজ্জ করতে গেছেন এখন ত আমি পুরাই মুগ্ধ!! তাই আমার একটা অনুরোধ নাটকে বা পর্দায় নিজেকে উপস্থাপন করবেন না- ধন্যবাদ।’
/এসএন