• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম


ব্যাংকের গেট পাহারার পাশাপাশি পড়াশোনা, ১৫ বছর পর সেই ব্যাংকেই ক্যাশ কাউন্টারের কর্মী হলেন তিনি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ নভেম্বর ২০২৬ ৮:৫৯ পিএম

দীর্ঘ ১৫ বছর একটি ব্যাংকের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করার পর সেই ব্যাংকেরই টেলার হিসেবে নিয়োগ পেয়েছেন রিকার্ডো জুন লেইঙ্গো জুনিয়র। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও পড়াশোনার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করেছেন তিনি। একসময় যে ব্যাংকের প্রবেশপথে দাঁড়িয়ে গ্রাহকদের নিরাপত্তা দিতেন, এখন সেই ব্যাংকের কাউন্টারে বসেই গ্রাহকদের সেবা দিচ্ছেন।জুন ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা দেল নর্তে প্রদেশের দিপোলগ শহরের মিপুতাক এলাকার বাসিন্দা। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। তার বাবা মাছ ধরতেন এবং মা বাজারে মাছ বিক্রি করতেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই পড়াশোনার খরচ জোগাতে তাকে সংগ্রাম করতে হয়েছে। স্কুলে পড়ার সময় ছুটির দিনগুলোতে মাছ ধরেও অর্থ উপার্জন করতেন তিনি।২০১০ সালে একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন জুন। বিভিন্ন জায়গায় দায়িত্ব পালনের পর সিকিউরিটি ব্যাংকের দিপোলগ শাখায় কাজ করার সুযোগ পান। সেখানে আট বছর নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তার স্বপ্ন ছিল একদিন ব্যাংকটির নিয়মিত কর্মী হিসেবে কাজ করা।২০১৮ সালে সিকিউরিটি ব্যাংক ফাউন্ডেশনের ‘রেগালো মো, কিনাবুকাসান কো’ কর্মসূচির আওতায় বৃত্তি লাভ করেন তিনি। এরপর দিপোলগ সিটি ইনস্টিটিউট অব টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হন। চাকরি ও পরিবারের দায়িত্ব সামলে পড়াশোনা চালিয়ে যান জুন।অবশেষে ২০২২ সালের ২ জুলাই, ৩২ বছর বয়সে কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্পন্ন করেন তিনি। দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম করেন জুন।পড়াশোনা শেষ করে কিছুদিন একটি মোটরসাইকেল বিক্রির প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। পরে ২০২৫ সালের ৩ মার্চ সিকিউরিটি ব্যাংকের দিপোলগ শাখায় টেলার হিসেবে নিয়োগ পান। এর মধ্য দিয়ে পূরণ হয় তার দীর্ঘদিনের স্বপ্ন।একসময় যে ব্যাংকের প্রবেশপথে দাঁড়িয়ে অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতেন, আজ সেই ব্যাংকের কাউন্টারে বসে গ্রাহকদের সেবা দিচ্ছেন তিনি। তার এই জীবনসংগ্রাম ও সাফল্য প্রমাণ করে, ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম থাকলে প্রতিকূলতাকে জয় করে স্বপ্নের ঠিকানায় পৌঁছানো সম্ভব।

/বিএসএস