• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম


ইয়েমেনের এডেন বিমানবন্দরে বিস্ফোরণ, সৌদির বিরুদ্ধে হুতিদের অস্ত্র পরিবহনের অভিযোগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ অক্টোবর ২০২৬ ৮:৫০ পিএম

ইয়েমেনের এডেন বিমানবন্দরে বিকট বিস্ফোরণ, আগেই সতর্কবার্তা দিয়েছিল হুতিরা

ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের নিয়ন্ত্রণে থাকা বিমানবন্দরটিতে হুতিদের পক্ষ থেকে জরুরি সতর্কবার্তা জারির পর এ ঘটনা ঘটে।

সৌদি আরবের একটি সামরিক কার্গো বিমানে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম আনা হচ্ছিল বলে অভিযোগ করেছে হুতি বিদ্রোহীরা।

বুধবার (২৮ অক্টোবর) বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার খবর নিশ্চিত করেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিকেরা।

বিমানবন্দর খালি করার আহ্বান হুতিদের

এর আগে হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এডেন আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে জরুরি সতর্কবার্তা জারি করেন। তিনি বিমানবন্দরে অবস্থানরত সব কর্মী ও সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান।

ইয়াহিয়া সারে দাবি করেন, সৌদি আরবের একটি সামরিক পরিবহন কার্গো বিমান বিমানবন্দরে পৌঁছানোর খবরের পরিপ্রেক্ষিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সৌদির বিমানে অস্ত্র পরিবহনের অভিযোগ

হুতিদের মুখপাত্রের অভিযোগ, সৌদি আরবের ওই সামরিক কার্গো বিমানে ইয়েমেনের সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল।

তবে কার্গো বিমানে অস্ত্র পরিবহনের অভিযোগ এবং বিমানবন্দরে শোনা বিস্ফোরণের সঙ্গে ওই বিমানের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

/এএসএফ