যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ২৩৫ বছরের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী। দেশটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম নারী হিসেবে ফেডারেল বিচারকের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। ২০২৩ সালের ১৫ জুন মার্কিন সিনেটে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে আজীবন মেয়াদে বিচারকের দায়িত্ব পালন করছেন নুসরাত।১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন নুসরাত জাহান চৌধুরী। তাঁর পারিবারিক শিকড় বাংলাদেশে। তাঁর বাবা ছিলেন ঢাকা মেডিকেল কলেজের একজন চিকিৎসক। তিনি বর্তমান বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রথম ফুলব্রাইট স্কলারশিপ অর্জনকারীদের একজন হিসেবে পরিচিত। ১৯৫৭ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।শিক্ষাজীবনেও অসাধারণ সাফল্যের পরিচয় দিয়েছেন নুসরাত। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং ইয়েল ল স্কুলে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পড়াশোনা শেষে দীর্ঘ ১৪ বছর আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে (এসিএলইউ) কাজ করেছেন। এ সময়ে দরিদ্র জনগোষ্ঠী ও অভিবাসীদের আইনি অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।২০২২ সালের ১৯ জানুয়ারি তাঁকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালের ১৫ জুন মার্কিন সিনেটে চূড়ান্ত অনুমোদন পান তিনি। একই বছরের ৫ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচারকের দায়িত্ব গ্রহণ করেন।বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে দায়িত্ব পালন করছেন নুসরাত জাহান চৌধুরী। তাঁর এই অর্জন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ইতিহাসে যেমন একটি উল্লেখযোগ্য ঘটনা, তেমনি বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্যও এটি বিশেষ গর্বের বিষয়।
/বিএসএস