একটি সংসার কেবল চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। সেখানে ভালোবাসা, অভিমান, দায়িত্ব, ত্যাগ এবং অসংখ্য না-বলা গল্প জড়িয়ে থাকে। সেই গল্পের নীরব নায়িকা হিসেবে অনেক সময় পাশে থাকেন একজন স্ত্রী। নিজের ক্লান্তি আড়ালে রেখে পরিবারের সবার মুখে হাসি ফোটানো, স্বামীর কঠিন সময়ে পাশে থাকা কিংবা সন্তানদের নিয়ে সারাদিন ব্যস্ততায় ছুটে চলা—এসব কাজের অনেকটাই হয়তো আলাদা করে প্রশংসা পায় না।
তাই বছরের অন্তত একটি দিন প্রিয় মানুষটিকে একটু আলাদাভাবে বলা যেতে পারে, ‘তুমি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ।’
আজ সেই দিন—স্ত্রীর প্রশংসা দিবস বা ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’।
সেপ্টেম্বরের তৃতীয় রবিবার বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়। ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে দিবসটি পালনের তথ্য পাওয়া যায়। মূলত দাম্পত্য জীবনে স্ত্রীর অবদান, ভালোবাসা, যত্ন ও ত্যাগের প্রতি সম্মান জানাতেই এই দিবসের আয়োজন।
জীবনের ব্যস্ততার কারণে স্বামী-স্ত্রীর সম্পর্কেও কখনো কখনো একঘেয়েমি তৈরি হয়। প্রতিদিনের কাজ, অফিস, সংসার ও সন্তান সামলানোর ব্যস্ততায় অনেক সময় প্রিয় মানুষটিকে ‘ভালোবাসি’ বলার কথাটিও মনে থাকে না। অথচ কাছের মানুষের মুখ থেকে নিজের প্রশংসা শুনতে ভালো লাগে না—এমন মানুষ খুব কমই আছেন।
তাই আজকের দিনে দামি কোনো উপহারের প্রয়োজন নেই। অফিস থেকে ফেরার পথে একগুচ্ছ ফুল নিয়ে বাড়ি ফিরতে পারেন। হঠাৎ করে স্ত্রীকে বলতে পারেন, ‘তোমাকে ছাড়া আমার সংসারটা কল্পনাই করতে পারি না।’ অথবা দিনের ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে দুজন একসঙ্গে সময় কাটাতে পারেন। সামান্য এই উদ্যোগই হয়তো স্ত্রীর মুখে এনে দিতে পারে তৃপ্তির হাসি।
চাইলে প্রিয় মানুষটির জন্য ছোট্ট একটি চিঠিও লেখা যেতে পারে। সেখানে সংসারের অগোচরে তিনি যে ছোট ছোট কাজগুলো করেন, সেগুলো আপনার নজরে এসেছে—এ কথা জানাতে পারেন। তার ত্যাগের মূল্য আপনি বোঝেন, সেটিও বলতে পারেন। জীবনের কঠিন সময়ে তার হাত পাশে পাওয়াটা আপনার জন্য কতটা স্বস্তির, চিঠিতে সেই অনুভূতিও তুলে ধরা যেতে পারে।
কারও কাছে স্ত্রী প্রেমের মানুষ, কারও কাছে সবচেয়ে কাছের বন্ধু। আবার কারও কাছে তিনি জীবনের কঠিন সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়। সম্পর্কের পরিচয় যাই হোক না কেন, জীবনসঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ কখনোই ছোট নয়।
তাই আজ কিছুটা অভিমান দূরে রেখে এবং ব্যস্ততা সরিয়ে প্রিয়তমার পাশে বসতে পারেন। তার চোখের দিকে তাকিয়ে বলতে পারেন, ‘আমার জীবনে তোমার মতো একজন মানুষ আছে, এটাই আমার বড় পাওয়া। তোমাকে পেয়ে আমি কৃতজ্ঞ।’
ভালোবাসা প্রকাশের জন্য অবশ্য কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই। তারপরও এমন একটি দিন যদি মানুষকে তার প্রিয় মানুষটির প্রতি আরও একটু যত্নশীল হতে মনে করিয়ে দেয়, তাহলে এই দিনটির গুরুত্বও কম নয়।
/এসএন