ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প।
বক্তব্যে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য আগের প্রশাসনগুলোর পরিবেশবান্ধব বা ‘গ্রিন’ নীতিকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, তার প্রশাসন দ্রুত খাদ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম কমিয়ে এনেছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধে আমরা জিতলেই তেলের দাম কমে যাবে। আমরা জিতব। আমরা জিতছিও। হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে।’
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ এই জলপথটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাবও দেন তিনি। এ সময় রসিকতা করে ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত, ইরানের নেতৃত্ব এতে খুবই খুশি হবে।’
ইরান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, দেশটি গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে দাদাগিরি করে এসেছে। তবে এখন আর ইরানের সেই অবস্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।
/এসএন