• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম


নিউইয়র্কে কিশোরী রোগীকে যৌ’ন নিপী’ড়নের অভিযোগে বাংলাদেশি চিকিৎসক গ্রে’প্তার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ নভেম্বর ২০২৬ ১:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে এক কিশোরী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে ৭২ বছর বয়সী বাংলাদেশি শিশু চিকিৎসক ডা. ফজল ইউসুফকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁকে গ্রেপ্তারের পর যৌন নিপীড়ন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরী এবং ২০ বছর বয়সী এক তরুণীর প্রসঙ্গ এসেছে। অভিযোগগুলোর তদন্ত শেষে পুলিশের স্পেশাল ভিকটিমস স্কোয়াড চিকিৎসককে গ্রেপ্তার করে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযোগের একটি ঘটনা ঘটেছে চিকিৎসকের ফ্লাশিং এলাকার চেম্বারে। প্রসিকিউটরদের দাবি, সেখানে ১৫ বছর বয়সী এক রোগীর শরীরের স্পর্শকাতর স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে হাত দিয়েছিলেন চিকিৎসক। এ সময় ওই কিশোরীর সৌন্দর্য নিয়েও তিনি মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ডা. ফজল ইউসুফের বিরুদ্ধে তৃতীয় ডিগ্রির যৌন নিপীড়নের দুটি অভিযোগ, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। তবে এখনো আদালতে এসব অভিযোগ প্রমাণিত হয়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কেউ ভুক্তভোগী হয়ে থাকলে তাঁদের সামনে এসে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। তদন্তের অংশ হিসেবে সম্ভাব্য অন্য ভুক্তভোগীদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা কিংবা তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করা মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হয়।

/এসএন