সৌদি আরবের উচ্চাভিলাষী জেদ্দা টাওয়ার প্রকল্প আবারও আলোচনায় এসেছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ভবনটির নির্মাণকাজ এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে জেদ্দা টাওয়ারের উচ্চতা ৪৩০ মিটারে পৌঁছেছে। এটি পরিকল্পিত ১ হাজার মিটারেরও বেশি উচ্চতার ভবনটির ৪০ শতাংশের বেশি নির্মাণ সম্পন্ন হওয়ার ইঙ্গিত দেয়।প্রকল্প পরিদর্শন শেষে সৌদি বিনিয়োগকারী প্রিন্স আলওয়ালেদ বিন তালাল জানান, নির্মাণকাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।পরিদর্শনকালে তিনি প্রকৌশলী ও নির্মাণকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় তিনি বলেন, ‘আল্লাহর প্রশংসা, কাজ চলছে এবং আমরা বিশ্বের সর্বোচ্চ টাওয়ারটি সম্পন্ন করব।’জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালে। তবে আর্থিক সংকট এবং ঠিকাদারি-সংক্রান্ত জটিলতার কারণে ২০১৮ সালে প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়। কয়েক বছর স্থগিত থাকার পর ২০২৫ সালে পুনরায় নির্মাণকাজ শুরু হয়। এরপর থেকে ভবনটির তলা যুক্ত করার কাজ ধারাবাহিকভাবে এগিয়ে চলছে।সম্পন্ন হলে জেদ্দা টাওয়ার হবে বিশ্বের প্রথম এক কিলোমিটারের বেশি উচ্চতার ভবন। এতে থাকবে বিলাসবহুল আবাসিক অ্যাপার্টমেন্ট, পাঁচতারকা হোটেল, আধুনিক অফিস স্পেস এবং বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেকগুলোর একটি। টাওয়ারটি জেদ্দা ইকোনমিক সিটির প্রধান আকর্ষণ হিসেবে গড়ে তোলা হচ্ছে।প্রায় ৫ কোটি ৭০ লাখ বর্গফুট এলাকাজুড়ে গড়ে ওঠা এই উন্নয়ন প্রকল্পের লক্ষ্য সৌদি আরবকে আন্তর্জাতিক ব্যবসা, বিনিয়োগ এবং বিলাসবহুল পর্যটনের অন্যতম কেন্দ্রে পরিণত করা।বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন হলো ৮২৮ মিটার উচ্চতার বুর্জ খলিফা। তবে জেদ্দা টাওয়ারের চূড়ান্ত উচ্চতা ১ হাজার মিটারেরও বেশি হওয়ায় এটি সম্পন্ন হলে বুর্জ খলিফার রেকর্ড ভেঙে বিশ্বের সর্বোচ্চ ভবনের নতুন ইতিহাস গড়বে।প্রকল্পটির নকশা করেছে বিশ্বের খ্যাতনামা স্থাপত্য প্রতিষ্ঠান আদরিয়ান স্মিথ + গর্ডন গিল আর্কিটেকচার। কাঠামোগত নকশার দায়িত্বে রয়েছে থর্টন টোমাসেট্টি এবং নির্মাণকাজে অংশ নিচ্ছে সৌদি বিনলাদিন গ্রুপসহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান।বর্তমান অগ্রগতি অনুযায়ী, নির্মাণকাজের এই গতি অব্যাহত থাকলে ২০২৮ সালের মধ্যেই জেদ্দা টাওয়ার সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। তখন এটি শুধু সৌদি আরবের নয়, বিশ্বের স্থাপত্য ইতিহাসেও নতুন এক মাইলফলক হিসেবে স্থান করে নেবে।
সূত্র: গালফ নিউজ
/বিএসএস