• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০২:২৫ এএম


ফ্রি পর্যটক ভিসা চালু করল ওমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ১১:৪৫ পিএম

পর্যটন খাতকে আরও গতিশীল করা এবং বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ প্রক্রিয়া সহজ করতে নতুন ভিসা নীতি চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। নতুন নীতির আওতায় নির্ধারিত কিছু দেশের নাগরিকদের বিনামূল্যে ১৪ দিনের পর্যটক ভিসা দেওয়া হবে।বিদেশিদের আবাসন আইনের নির্বাহী বিধিমালায় সংশোধন এনে এই সুবিধা চালু করেছে দেশটি। রয়্যাল ওমান পুলিশের মহাপরিদর্শক ও কাস্টমস প্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শারাইকি জারি করা সিদ্ধান্ত নং ১০৯/২০২৬-এর মাধ্যমে এ পরিবর্তন কার্যকর করা হয়। সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকেই নতুন বিধান কার্যকর হয়েছে।সংশোধিত বিধিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নির্বাচিত দেশের নাগরিকদের বিনামূল্যে ১৪ দিনের পর্যটক ভিসা দিতে পারবে।এ ছাড়া, ১৪ দিনের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আবেদনকারীরা চাইলে এটি অন্য পর্যটক ভিসা শ্রেণিতে রূপান্তর করতে পারবেন। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভিসার সব শর্ত পূরণের পাশাপাশি নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।নতুন এই ভিসা শ্রেণিটি নির্বাহী বিধিমালার ১০ নম্বর অনুচ্ছেদে সংযোজন করা হয়েছে। একই সঙ্গে ২৯ নম্বর অনুচ্ছেদের অধীন প্রবেশ ভিসার সরকারি তালিকায়ও এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে এই ভিসার ফি নির্ধারণ করা হয়েছে শূন্য ওমানি রিয়াল, অর্থাৎ ভিসাটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।তবে কোন কোন দেশের নাগরিক এই সুবিধা পাবেন, সে বিষয়ে এখনও কোনো তালিকা প্রকাশ করেনি ওমান কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, যোগ্য দেশের তালিকা পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোষণা করবে। শুধুমাত্র সেই দেশগুলোর নাগরিকরাই এই বিশেষ সুবিধার আওতায় আসবেন।

/বিএসএস