• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ এএম


মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ৬ দেশের যৌথ সামরিক মহড়া

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ১১:৩৫ পিএম

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক নিরাপত্তা উত্তেজনার মধ্যে বাহরাইনে শুরু হয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর যৌথ সামরিক মহড়া ‘বাহরাইন শিল্ড’। ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে এই মহড়া। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনের সশস্ত্র বাহিনী অংশ নিচ্ছে।

বাহরাইনের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল-নুয়াইমি জানিয়েছেন, এই সামরিক মহড়ার মূল লক্ষ্য হলো যুদ্ধের প্রস্তুতি আরও বাড়ানো, সামরিক অভিযানের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষতা উন্নত করা এবং জিসিসিভুক্ত দেশগুলোর সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা।

আল-নুয়াইমির ভাষ্য, জিসিসির সদস্য দেশগুলোর সামরিক বাহিনীর অংশগ্রহণ একটি শক্তিশালী যৌথ উপসাগরীয় সামরিক বাহিনী গড়ে তোলার সক্ষমতার প্রতিফলন। বিভিন্ন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার বিষয়টিও এর মাধ্যমে ফুটে উঠছে।

তিনি বলেন, ‘বাহরাইন শিল্ড’ মহড়া উপসাগরীয় দেশগুলোর সামরিক সংহতির কৌশলগত ভিত্তিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি যেকোনো আকস্মিক বা শত্রুতামূলক হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরক্ষা গড়ে তুলতেও এটি সহায়তা করবে।

বাহরাইনের চিফ অব স্টাফ আরও বলেন, সাম্প্রতিক আঞ্চলিক সহিংসতা এবং পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি যৌথ সামরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নত করার প্রয়োজনীয়তা স্পষ্ট করে দিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ছয় উপসাগরীয় দেশের এই যৌথ সামরিক মহড়াকে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।