• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ এএম


গাজার ১১ বছরের শিল্পীর আঁকা ছবি দেখে আবেগঘন বার্তা স্পেনের প্রধানমন্ত্রীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ১০:১৮ পিএম

গাজার ধ্বংসস্তূপের দেয়ালে আঁকা ১১ বছর বয়সী ফিলিস্তিনি শিশুশিল্পী লায়ান আল-গুগার একটি দেয়ালচিত্র পৌঁছে গেছে ইউরোপের স্পেনে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের প্রতিকৃতি আঁকা সেই মুরাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা প্রধানমন্ত্রীর নজরেও আসে। পরে তিনি লায়ানকে উদ্দেশ করে একটি বিশেষ ভিডিও বার্তা দেন।

গাজার ক্ষতিগ্রস্ত একটি দেয়ালে আঁকা লায়ানের মুরালটি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কয়েক দিনের মধ্যেই পেদ্রো সানচেজ ভিডিও বার্তায় তার নাম উল্লেখ করেন। একই সঙ্গে গাজার শিশুদের উদ্দেশে তিনি বলেন, স্পেন তাদের “শুনছে, দেখছে, তাদের নিয়ে চিন্তা করে এবং কখনো ভুলে যায় না।”তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে লায়ান জানান, প্রধানমন্ত্রীর এমন প্রতিক্রিয়ায় তিনি বিস্মিত ও ভীষণ আনন্দিত হয়েছেন। তিনি বলেন, “আমি কখনো ভাবিনি একজন প্রধানমন্ত্রী আমার আঁকা ছবি দেখবেন, আমার জন্য ভিডিও বার্তা রেকর্ড করবেন এবং আমার নামও উল্লেখ করবেন।”

লায়ানের ভাষ্য, এই ঘটনা তাকে নতুন আশা জুগিয়েছে যে গাজার মানুষের কণ্ঠস্বর বিশ্বের কাছে পৌঁছাতে পারে।যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মধ্যেও লায়ানের মতো শিশুশিল্পীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা, অনুভূতি ও বাস্তবতার গল্প তুলে ধরছে। গাজার ধ্বংসস্তূপে আঁকা এই শিশুশিল্পীর দেয়ালচিত্র এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।ফিলিস্তিন ইস্যুতে মানবিক সহায়তা এবং গাজার বেসামরিক মানুষের দুর্ভোগ নিয়ে এর আগেও একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। লায়ানের আঁকা দেয়ালচিত্র এবং তাকে দেওয়া প্রধানমন্ত্রীর বার্তা আবারও গাজার শিশুদের সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে।

/বিএসএস