হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে ওমানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে প্রণালির ওমান অংশের একটি নৌপথ নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাল্টা প্রস্তাব দিয়েছে তেহরান।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক বক্তব্যে জানান, ওমানের প্রস্তাব ছিল হরমুজ প্রণালির জাহাজ চলাচলের পথ দুই দেশের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া। তবে সেই প্রস্তাবে সম্মতি দেয়নি ইরান।
তার ভাষ্য অনুযায়ী, ওমানের প্রস্তাবে একটি নৌপথের অর্ধেক ইরানের আঞ্চলিক জলসীমা এবং বাকি অর্ধেক ওমানের জলসীমার মধ্যে থাকবে। সে ক্ষেত্রে জাহাজ ইরানের জলসীমা দিয়ে প্রবেশ করে ওমানের জলসীমা দিয়ে বের হবে।
ঘারিবাবাদি বলেন, ইরানের প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালির চলাচলপথের একটি অংশ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে থাকবে। পাশাপাশি ওমানের জলসীমার ভেতরে থাকা চলাচলপথের একটি অংশও ইরানের নিয়ন্ত্রণে থাকবে।
তিনি আরও বলেন, ওমান যদি এ প্রস্তাব গ্রহণ না করে, তাহলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ রাখার অবস্থানেই থাকবে ইরান।
/এএসএফ