• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৩ এএম


ট্রাম্পকে খুশ করতে ইসরায়েল গিয়েছিলেন মোদি!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুলাই ২০২৬ ৮:০৮ এএম

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত বিপুল পরিমাণ নতুন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। বিবিসির তথ্য অনুযায়ী, শুক্রবার প্রকাশিত নথিগুলোর মধ্যে রয়েছে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং প্রায় ২ হাজার ভিডিও। এটিকে এপস্টেইন–সম্পর্কিত বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে বড় নথি প্রকাশ হিসেবে বর্ণনা করা হচ্ছে।

প্রকাশিত নথির কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ থাকায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। জেরুজালেম পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি ই-মেইলে ২০১৭ সালে মোদির ইসরায়েল সফরের প্রসঙ্গ উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই ই-মেইলগুলোতে দাবি করা হয়েছে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কৌশল নিয়ে মোদিকে পরামর্শ দিয়েছিলেন জেফরি এপস্টেইন। আরও দাবি করা হয়েছে, এপস্টেইন নিজেই মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন এবং তার পরামর্শেই ওই সফর অনুষ্ঠিত হয়। তবে এসব দাবির স্বাধীন যাচাই হয়নি।

এদিকে প্রকাশিত নথিতে থাকা এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে যেসব দাবি করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, নিন্দনীয় এবং বিশ্বাসযোগ্য নয়। তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

নথি প্রকাশের পর বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হলেও সরকারিভাবে এসব দাবিকে গুজব ও অসত্য বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বিবিসি, জেরুজালেম পোস্ট

/এএসএফ