অধিকৃত পশ্চিমতীরের তেল গ্রামে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার পরপরই এক ফিলিস্তিনি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করেন।
এই ঘটনার পর শুক্রবার (২৪ জুলাই) রাতভর পশ্চিমতীরজুড়ে ব্যাপক অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। অভিযানের সময় বিভিন্ন এলাকা থেকে ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের নামে আরও কয়েকশ সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও উঠে এসেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, আটক ব্যক্তিরা আন্তর্জাতিক বা স্থানীয়ভাবে ‘ওয়ান্টেড’ ছিলেন এবং ফিলিস্তিনভিত্তিক সশস্ত্র সংগঠন হামাসসহ অন্যান্য স্বাধীনতাকামী গোষ্ঠীর সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে।
সামরিক বাহিনী আরও জানায়, তেল গ্রামে অবৈধ বসতি স্থাপনকারীদের ঘিরে সংঘটিত রক্তক্ষয়ী ঘটনার পর সেখান থেকেই ১১ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি প্রায় ৮০ জনের বেশি মানুষকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে পশ্চিমতীরের জেনিন এলাকায়ও একযোগে প্রায় ৩০০টিরও বেশি স্থানে অভিযান পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। ওই অভিযানেও বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, জেনিন থেকে আটক ব্যক্তিরা বিস্ফোরক ব্যবহার করে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো বাস্তব প্রমাণ বা তথ্য প্রকাশ করেনি দখলদার বাহিনী।
/এসএন