জুমার নামাজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই নামাজের সঙ্গে খুতবার রয়েছে বিশেষ সম্পর্ক ও গুরুত্ব। তাই খুতবা ছাড়া জুমার নামাজ আদায় করা যাবে কি না এবং এ বিষয়ে ইসলামের বিধান কী, তা জানা প্রত্যেক মুসলমানের জন্য প্রয়োজনীয়।
জুমার নামাজ আদায়ের অন্যতম শর্ত হলো খুতবা। খুতবা ছাড়া এই নামাজ শুদ্ধ হয় না। ফলে কোনো ইমাম খুতবা না দিয়েই সরাসরি জুমার নামাজ পড়িয়ে দিলে তা আদায় হবে না। এমনটি ঘটে গেলে এবং পুনরায় জুমার নামাজ আদায়ের সুযোগ না থাকলে ওই দিনের জোহরের নামাজ আদায় করতে হবে।
জুমার নামাজে খুতবার গুরুত্ব সম্পর্কে পবিত্র কুরআনেও বিশেষ নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা জুমার নামাজের জন্য মুমিনদের প্রতি আহ্বান জানিয়ে ইরশাদ করেছেন—
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ
অর্থ: ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও।’ (সুরা আল-জুমুআ: আয়াত ৯)
এই আয়াতে আল্লাহর স্মরণের উদ্দেশ্যে দ্রুত এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জুমার খুতবা ও নামাজ—উভয়ই এ নির্দেশের অন্তর্ভুক্ত। এ কারণে খুতবার গুরুত্ব উপেক্ষা করার সুযোগ নেই।
সুতরাং জুমার নামাজের আগে খুতবা দেওয়া অপরিহার্য। খুতবা ছাড়া জুমার নামাজ আদায় শুদ্ধ হয় না। তাই ইমাম ও মুসল্লি—সবারই খুতবার গুরুত্ব অনুধাবন করা এবং যথাযথ নিয়মে জুমার নামাজ আদায় করা উচিত।
/এসএন