• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম


খামেনিসহ নিহত সব নাগরিকের হত্যার বিচার নিশ্চিতের ঘোষণা ইরানের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ৯:০০ পিএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ নিহত প্রত্যেক নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান নীতি বলে ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

সোমবার (১৩ জুলাই) তেহরানে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসমাইল বাঘেই বলেন, নিহতদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের স্পষ্ট দায়িত্ব। এই প্রক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সক্রিয়ভাবে অংশ নেবে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পক্ষে প্রমাণ সংগ্রহ এবং সেগুলো নথিভুক্ত করতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক অঙ্গনে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে ইরান। এর মূল লক্ষ্য হলো প্রকৃত বিচার নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়েও কথা বলেন বাঘেই। তিনি জানান, এ বিষয়ে ওমানের সঙ্গে যৌথ ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তেহরানের। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে মাসকাটের সঙ্গে এ বিষয়ে আলোচনায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলেও জানান তিনি।

/এসএন