• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৩:০৯ এএম


বাহরাইনে অবস্থিত মার্কিন ‘ড্রোন কমান্ড সেন্টার’ ও ‘ক্ষেপণাস্ত্র ঘাঁটি’ গুঁড়িয়ে দিল ইরান!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ৬:২৩ পিএম

ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ধারাবাহিক ড্রোন হামলা পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে বাহরাইনে মার্কিন ড্রোন বহরের একটি অংশ ধ্বংস করে দেওয়ারও দাবি করেছে ইরান।

এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তাদের মহাকাশ বাহিনী মার্কিন বাহিনীর হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ স্থাপনা, পি-৮ আকাশযান রাখার একটি হ্যাঙ্গার এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ড্রোন কমান্ড ও কন্ট্রোল সেন্টারে হামলা চালিয়েছে।

এর আগে আইআরজিসি দাবি করে, কুয়েতের আলি সালেম ও আহমদ আল-জাবের সামরিক ঘাঁটিতেও তারা হামলা চালিয়েছে। সোমবার সকালে পরিচালিত চতুর্থ দফার এসব হামলায় মার্কিন বাহিনীর সার্ফেস-টু-সার্ফেস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়।

আইআরজিসির ভাষ্য, হামলায় দুটি এইচআইএমএআরএস (হিমার্স) ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ক্ষেপণাস্ত্রে পরিপূর্ণ একটি গুদামে আগুন ধরে যায়। তাদের দাবি, এতে এসব সামরিক সরঞ্জাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীনভাবেও এসব দাবি যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: ইরনা

/এএসএফ