• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০২:২১ পিএম


“ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান”- দাবি ইসরায়েলি গোয়েন্দাসংস্হার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুলাই ২০২৬ ১০:০০ পিএম

ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটি নতুন পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে ইসরাইল। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কার মধ্যেই ইসরাইলের এই গোয়েন্দা দাবি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

ইসরাইলি দুটি সূত্রের দাবি, চলতি সপ্তাহেই সংশ্লিষ্ট গোয়েন্দা তথ্য তাদের হাতে এসেছে। এছাড়া আরেকটি সূত্র জানিয়েছে, ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোও সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত পাচ্ছিল। তবে ইসরাইলের পক্ষ থেকে পাওয়া এই তথ্য ছিল নতুন সংযোজন।

অন্যদিকে, কয়েকজন মার্কিন কর্মকর্তা মনে করছেন, ইসরাইলের এই গোয়েন্দা তথ্য ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণে প্রভাব ফেলতে চাওয়ার একটি প্রচেষ্টা হতে পারে। তাদের ধারণা, ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ আরও জোরদার করবেন কি না, সে বিষয়ে বিবেচনা করছেন, ঠিক সেই সময় এ ধরনের তথ্য সামনে আনা হয়েছে।

তবে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন

/এএসএফ