• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:৩৩ পিএম


আল-আকসায় জুমার নামাজের পর ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরাইল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুলাই ২০২৬ ৭:২৮ পিএম

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের পরপরই জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফার প্রতিবেদনে বলা হয়, আল-আকসা মসজিদে জুমার খুতবা প্রদান এবং নামাজ শেষ করার কিছুক্ষণের মধ্যেই ইসরাইলি সেনারা শেখ মোহাম্মদ হুসেইনকে নিজেদের হেফাজতে নেয়। পবিত্র এই ধর্মীয় স্থানে উপস্থিত মুসল্লিদের সামনেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

তাৎক্ষণিকভাবে গ্র্যান্ড মুফতিকে আটকের সুনির্দিষ্ট কারণ কিংবা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে—এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এই ঘটনার পর আল-আকসা মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।

এদিকে, গ্র্যান্ড মুফতির আটকের ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরাইলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা, ওয়াফা

/এএসএফ