ইরানের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাত থেকে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব ঘটনায় নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এখনো শেষ হয়নি। নতুন এই বিস্ফোরণকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আধা-সরকারি বিভিন্ন গণমাধ্যম দেশের একাধিক স্থানে ধারাবাহিক বিস্ফোরণের খবর প্রকাশ করেছে। মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, বুশেহর শহর ও এর আশপাশের চোগাদাক এলাকায়, পাশাপাশি দক্ষিণাঞ্চলের কোনারাক শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বুশেহরেই ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আল জাজিরাকে জানিয়েছে, গত কয়েক ঘণ্টার মধ্যে ইরানের অভ্যন্তরে তারা কোনো ধরনের হামলা চালায়নি।
মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। এ সময় ইরান কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে। জুন মাসের মাঝামাঝি যে ভঙ্গুর যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল, সাম্প্রতিক পরিস্থিতিতে সেটি আরও ঝুঁকির মুখে পড়েছে।
বুশেহরের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নর এহসান জাহানিয়ান জানিয়েছেন, শহরে শোনা বিস্ফোরণের শব্দ মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণে হয়েছে। তিনি বলেন, শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনায় একটি প্রজেক্টাইল আঘাত করেছে।
বিস্ফোরণের খবর প্রকাশের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা উপসাগরীয় অঞ্চলে পারস্পরিক সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।
হাতজেরিম বিমানঘাঁটিতে বিমানবাহিনীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি। সামনে আরও চ্যালেঞ্জ রয়েছে।
ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামিরও জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং নতুন বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি চলছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, প্রয়োজনে আবারও ইরানে হামলা চালাতে আমরা পুরোপুরি প্রস্তুত।
চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর থেকেই নতুন করে এই সংঘাত তীব্র আকার ধারণ করে। ইরান চায়, সব জাহাজ তাদের নিয়ন্ত্রিত পথ ব্যবহার করে চলাচল করুক। অন্যদিকে উপসাগরীয় দেশগুলো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের ‘নোংরা লোক’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে আগের সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই সেই সমঝোতা বাতিল করেনি।
/এসএন