• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম


মার্কিন হামলার জবাবে আমেরিকার পঞ্চম নৌঘাঁটি গুড়িয়ে দিল ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ৯:৩৬ এএম

মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উত্তেজনা বেড়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর নতুন হামলার পর কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রথমে গোলেস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ রেলসেতু লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর তীব্র নিন্দা জানিয়ে কঠোর প্রতিক্রিয়ার ঘোষণা দেয় তেহরান। এরপর অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয় বলে দাবি করা হয়।

সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় বাহরাইনজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

একটি সূত্রের বরাতে জানা গেছে, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। হামলার পর ওই এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিও ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। একই সময়ে কাতারে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই ইরানের এই পাল্টা অভিযান শুরু হয়েছে। তবে সংঘাতের শুরুতে যে মাত্রার সামরিক তৎপরতা দেখা গিয়েছিল, এখনো সেই পর্যায়ের পরিস্থিতি সৃষ্টি হয়নি।

তবে পাল্টাপাল্টি হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পরিস্থিতি এখনো থমথমে রয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘাত বা ক্ষয়ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সূত্র: টাইমস টুডে

/এএসএফ