• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম


ইরানে হামলা করার ট্রাম্পের ঘোষনার পর, আজ রাতে ইরানের একাধিক স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ৫:৪১ এএম

ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বান্দার আব্বাস ও সিরিক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সংবাদমাধ্যম মেহর নিউজ ও ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বান্দার আব্বাসের কাছে সম্ভাব্য শত্রু লক্ষ্যবস্তু প্রতিহত করতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলের কোনারাক ও চাবাহার এলাকাতেও নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

এ ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী।

সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার প্রতি ইরানের হুমকি মোকাবিলা এবং সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্য তেহরানকে জবাবদিহির আওতায় আনতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এক্সে দেওয়া বিবৃতিতে সেন্টকম বলেছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের বিরুদ্ধে সাম্প্রতিক অযৌক্তিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র ইরানকে জবাবদিহির আওতায় আনছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বিস্ফোরণের পর চাবাহার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে বিস্ফোরণের ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

মেহর নিউজ আরও জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর প্রদেশ থেকেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, বন্দর আব্বাস এলাকায় অন্তত আটটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

  • এ পর্যন্ত বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

/এএসএফ