• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ এএম


প্রথমবারের মত শব্দের চেয়ে ২৫ গুণ ইন্টার কন্টিনেন্টাল মিসাইল ‘ইয়িলদিরিমহান’ প্রদর্শন করল তুরস্ক!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ মে ২০২৬ ১০:৪০ পিএম

প্রথমবারের মতো নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘ইয়িলদিরিমহান’ প্রকাশ্যে প্রদর্শন করেছে তুরস্ক। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি ইস্তানবুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহা এক্সপোতে প্রদর্শন করা হয়।

ক্ষেপণাস্ত্রটির গায়ে একদিকে অটোমান সুলতান প্রথম বায়েজিদের মনোগ্রাম এবং অন্যদিকে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তাফা কামাল আতাতুর্ক-এর প্রতীক খোদাই করা হয়েছে।

তুর্কি ভাষায় ‘ইয়িলদিরিম’ অর্থ ‘বজ্র’, আর ‘ইয়িলদিরিমহান’-এর অর্থ ‘বজ্রের শাসক’।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসির গুলের দাবি করেছেন, এটি দেশটির প্রথম তরল জ্বালানিচালিত হাইপারসনিক বৈশিষ্ট্যের ক্ষেপণাস্ত্র এবং এখন পর্যন্ত তৈরি সবচেয়ে দীর্ঘপাল্লার মিসাইল।

প্রদর্শনীতে দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ছয় হাজার কিলোমিটার। এতে রয়েছে চারটি রকেট ইঞ্জিন এবং এটি শব্দের গতির প্রায় ২৫ গুণ বেশি গতিতে চলতে সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দ্রুত অগ্রগতির কারণে তুরস্কের প্রতিরক্ষা শিল্প বিশ্বজুড়ে আলোচনায় এসেছে।

গত বছরও তুরস্ক ‘টাইফুন ব্লক-৪’ নামের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছিল। এছাড়া রকেটসানের তৈরি ‘জাংক’ নামের আরেকটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়েও আলোচনা চলছে।

বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক বিধিনিষেধের কারণে অনেক দেশই তাদের ক্ষেপণাস্ত্রের প্রকৃত সক্ষমতা প্রকাশ করে না। ফলে ইয়িলদিরিমহানের প্রকৃত পাল্লা ও ক্ষমতা ঘোষণার চেয়েও বেশি হতে পারে।

বর্তমানে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন-সহ কয়েকটি দেশের হাতে আইসিবিএম রয়েছে। তুরস্কের এই পদক্ষেপ আঞ্চলিক সামরিক ভারসাম্যে নতুন আলোচনা তৈরি করেছে।

/এএসএফ