ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ায় বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, বিশ্বনেতাদের এই উপস্থিতি ইরানের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ৭০টিরও বেশি দেশের প্রতিনিধি তেহরানে এসেছেন। তাদের মধ্যে ইরানের বিশ্বস্ত আরব ভাইয়েরাও রয়েছেন। তাদের এই উপস্থিতি ইরানকে গভীরভাবে আনন্দিত করেছে।
তিনি আরও বলেন, এই ঐতিহাসিক মুহূর্ত দুই পক্ষের পারস্পরিক সম্পর্কের ইতিহাসে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। খামেনির জানাজাকে ঘিরে তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর নতুন সার্ভিস ফি আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদুর রেজা রহমানি ফাজলি। তবে সাম্প্রতিক সংকটের সময় যেসব দেশ ইরানের পাশে ছিল, তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে বলেও তিনি জানান।
যদিও যুক্তরাষ্ট্র এই সার্ভিস ফি আরোপের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে, তবুও তেহরান নিজেদের অবস্থানে অনড় রয়েছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামানোর প্রাথমিক চুক্তি অনুযায়ী প্রথম ৬০ দিন জাহাজগুলোকে কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করতে দেওয়া হবে। তবে ওই সময়সীমা শেষ হওয়ার পর কী ধরনের নিয়ম কার্যকর হবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি।
বেইজিংয়ে ওয়ার্ল্ড পিস ফোরামে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত ফাজলি বলেন, কঠিন সময়ে যেসব দেশ ইরানের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছে, নতুন এই সার্ভিস ফি আদায়ের ক্ষেত্রে তাদের জন্য অবশ্যই বিশেষ ছাড় বিবেচনা করা হবে।
তিনি আরও জানান, হরমুজ প্রণালির নতুন ব্যবস্থাপনা বাস্তবায়নে ওমানের সঙ্গে যৌথভাবে কাজ করছে ইরান। প্রণালির একটি অংশ ইরানের জলসীমার মধ্যে থাকায় ওই অংশে সার্ভিস ফি আরোপ করা হবে। তবে এটিকে কোনো টোল বা জোরপূর্বক কর আদায় হিসেবে দেখার সুযোগ নেই।
ফাজলির ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মূল উদ্দেশ্য নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা, জাহাজের গতিবিধি তদারকি করা এবং হরমুজ প্রণালিতে বিপুল সংখ্যক জাহাজ চলাচলের কারণে পরিবেশের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা মোকাবিলা করা।
/এসএন