• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম


ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ জুলাই ২০২৬ ৬:৩৪ পিএম

ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেও মানবিক বার্তা দিয়েছেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির মানুষের প্রতি গভীর সমবেদনা ও সমর্থন জানিয়ে তিনি আবেগঘন বার্তা দিয়েছেন। পাশাপাশি নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরাদের প্রতিও বিশেষ সহমর্মিতা প্রকাশ করেছেন।

শনিবার (৪ জুলাই) গ্রাউন্ড নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ২৬ জুন ভেনিজুয়েলায় অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর মাত্র ৪০ সেকেন্ড পর ৭.৫ মাত্রার আরও শক্তিশালী আরেকটি কম্পন অনুভূত হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ৩ হাজারে পৌঁছেছে।

এমন ভয়াবহ দুর্যোগের পর ভেনিজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

মেসি বলেন, ‘ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি তারা এখন কত ভয়াবহ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। আমি চাই, আমরাও চাই, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে।’

নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরাদের দুর্দশার কথাও উল্লেখ করেন এই আর্জেন্টাইন তারকা। তিনি বলেন, ‘যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের জীবনে কী ঘটবে তা নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে আছে, তাদের সবার প্রতি আমি সমর্থন জানাতে চাই।’

সবশেষে ভেনিজুয়েলার মানুষের উদ্দেশে শক্ত থাকার আহ্বান জানিয়ে মেসি বলেন, ‘এখান থেকে ভেনেজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।’

/এসএন