• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০২:১৩ এএম


পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ লাহোর!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুলাই ২০২৬ ৩:৫৯ পিএম

পাকিস্তানের লাহোরের কাছে একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, লাহোরের কাহনা এলাকায় অবস্থিত একটি বেসরকারি কোচিং সেন্টারে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুদের বেশিরভাগের বয়স ছিল ৭ থেকে ১১ বছরের মধ্যে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।

জরুরি উদ্ধার সংস্থার মুখপাত্র ফারুক আহমেদ জানান, স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিহত এক শিশুর স্বজন বিবিসিকে জানান, ভবনটির ছাদের অবস্থা আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। তার দাবি, শিশুরা ভেতরে পড়াশোনা করার সময় ছাদের ওপর মেরামতের কাজ চলছিল। অতিরিক্ত ওজনের কারণেই ছাদটি ধসে পড়তে পারে বলে তিনি ধারণা প্রকাশ করেন।

এলাকার এক বাসিন্দা বলেন, এতগুলো পরিবারের শিশু মারা গেছে যে, আগে কার বাড়িতে গিয়ে সমবেদনা জানাবেন, সেটাই বুঝে উঠতে পারছেন না।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফও এ ঘটনাকে হৃদয়বিদারক ট্র্যাজেডি উল্লেখ করে বলেন, ১৪ নিরীহ শিশুর মৃত্যু অপূরণীয় ক্ষতি। এ দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

সূত্র: বিবিসি

/এএসএফ