ভারতের মুম্বাইয়ে ভারি বৃষ্টির মধ্যে একটি স্কুল বাসের ওপর বিশাল একটি গাছ ভেঙে পড়ায় ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের চেম্বুর এলাকার ১১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় তিলক নগরের ইউনিভার্সাল হাই স্কুলের বাসটিতে মোট ১২ জন শিক্ষার্থী ছিল। গাছটি বাসের ওপর ভেঙে পড়ার পরপরই বাসচালকের সহকারী এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় বাসে আটকে পড়া সব শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থীদের মধ্যে বিহান শ্রীবাস্তব (১১) নামের এক শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত অন্য শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, তাদের মধ্যে চারজন সামান্য আঘাত পেয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ভারি বর্ষণের মধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার কারণ এবং গাছটি কীভাবে ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি
/এএসএফ