ইন্দোনেশিয়ার অশান্ত ও প্রত্যন্ত পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার দাবি করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা। একই সঙ্গে তারা একটি বেসামরিক যাত্রীবাহী বিমানে আগুন ধরিয়ে দিয়েছে। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, এই হামলা যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া সরকারের প্রতি একটি বিশেষ ‘বার্তা’।
শুক্রবার (৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।
ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি)-এর মুখপাত্র সেব্বি সামবোম জানান, নিহত মার্কিন পাইলটের নাম নিকোলাস এফ গসেলিন। তার দাবি, হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো অঞ্চলে বিমানটি অবতরণের পর তাদের যোদ্ধারা পাইলটকে গুলি করে হত্যা করে এবং উড়োজাহাজটিতে অগ্নিসংযোগ করে।
বিদ্রোহী গোষ্ঠীর দাবি, ওই যাত্রীবাহী বিমানটি নিয়মিতভাবে ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যদের ওই অঞ্চলে আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল। এছাড়া বিদ্রোহীদের দেওয়া পূর্ব সতর্কবার্তা বা আলটিমেটামও উপেক্ষা করা হয়েছিল বলে তারা অভিযোগ করেছে।
অন্যদিকে পাপুয়ায় মোতায়েন ইন্দোনেশিয়ার যৌথ পুলিশ ও সামরিক অভিযান ইউনিটের মুখপাত্র ইউসুফ সুতেজো ইয়াহুকিমো অঞ্চলের একটি বিমানবন্দরে মার্কিন পাইলট পরিচালিত একটি বিমান পুড়ে যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। তবে বিমানটিতে বিদ্রোহীদের হামলা হয়েছে কি না কিংবা পাইলট নিহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
তিনি আরও জানান, পুড়ে যাওয়া বিমানটিতে থাকা বাকি সাতজন আরোহীই স্থানীয় পাপুয়ান নাগরিক ছিলেন।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পাপুয়ার পশ্চিমাঞ্চলে ইন্দোনেশিয়ার শাসন থেকে স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে নিম্নমাত্রার সশস্ত্র সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে বিদ্রোহীদের হাতে আধুনিক অস্ত্র পৌঁছানোর পর তাদের হামলার তীব্রতা এবং প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান