• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৭:৩৭ এএম


চীনের সর্বোচ্চ ভবন সিটিআইসি টাওয়ারে বিমান দুর্ঘটনা, আতঙ্ক রাজধানীতে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুন ২০২৬ ১০:৪০ পিএম

চীনের রাজধানী বেইজিংয়ের অন্যতম প্রতীকী স্থাপনা এবং শহরের সবচেয়ে উঁচু ভবন সিটিআইসি টাওয়ারে শুক্রবার (২৬ জুন) বিকেলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত শহরগুলোর একটিতে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ১০৯ তলাবিশিষ্ট সিটিআইসি টাওয়ারের ওপরের অংশ থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ে যাচ্ছে। ঘটনাস্থলে বিমানের লেজের একটি অংশ পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া একটি ট্যাক্সিক্যাবের জানালা ভেঙে যাওয়ার ছবিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

সিএনএনের এক সাংবাদিক জানান, ঘটনার পরপরই ভবনটি থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। ভবনের বাইরে পুলিশ, অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনীর একাধিক যান মোতায়েন করা হয় এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে চীনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সিএনএন জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিমানটির সম্ভাব্য মালিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

অনলাইনে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা নিবন্ধন নম্বরের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বিমানটি চীনে নির্মিত সানওয়ার্ড এসএ-৬০এল অরোরা মডেলের একটি হালকা স্পোর্টস বিমান হতে পারে। এটি স্থানীয় একটি জেনারেল অ্যাভিয়েশন কোম্পানির মালিকানাধীন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের ১ মে থেকে কার্যকর হওয়া নতুন নিরাপত্তা বিধিমালার আওতায় বেইজিংয়ে সরকারি অনুমতি ছাড়া ড্রোন কেনা, ভাড়া নেওয়া বা ওড়ানো কার্যত নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: সিএনএন

/এএসএফ