• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ এএম


পৌনে ৩ ঘণ্টা পর উদ্ধার অভিযান চালিয়ে নামাল ফায়ার সার্ভিস

স্ত্রীর সঙ্গে অভিমানে ১০ তলা সমান উঁচু বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় যুবক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুন ২০২৬ ১০:১৮ পিএম

ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে ৩৩ কেভি বিদ্যুতের একটি টাওয়ারের চূড়ায় উঠে বসেন এক যুবক। প্রায় দুই ঘণ্টা ৪৫ মিনিটের টানা চেষ্টার পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ভাটারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টার অভিযোগে আলোচনায় আসা ওই যুবকের বয়স ২২ বছর। তার নাম প্রকাশ করা হয়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে ওই যুবকের সঙ্গে তার স্ত্রীর বাগবিতণ্ডা হয়। এর জের ধরে স্ত্রীর ওপর অভিমান করে তিনি বাড়ির পাশের প্রায় ১০ তলা ভবনের সমান উঁচু ৩৩ কেভি বিদ্যুতের টাওয়ারে উঠে যান।

টাওয়ারের চূড়ায় তাকে ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় প্রথমে সংশ্লিষ্ট লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।

এরপর দীর্ঘ প্রায় পৌনে তিন ঘণ্টা সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালিয়ে যুবককে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। পুরো অভিযানে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান জানান, যুবকটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিলেন। সামান্য অসতর্কতা ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। উদ্ধার অভিযান শেষে প্রয়োজনীয় আইনি ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএন