• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ পিএম


ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের পর এখনও ধ্বংসস্তূপের নিচে হাজারো মানুষ!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুন ২০২৬ ১০:২২ পিএম

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃত ৫৮৯, নিখোঁজ ১১ হাজারের বেশি

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। এখনও পর্যন্ত ১১ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে আমেরিকা মহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল, চিকিৎসা সহায়তা ও মানবিক ত্রাণ পৌঁছাতে শুরু করেছে।

ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাডো জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন। উদ্ধার অভিযান জোরদার করতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কানাডা, মেক্সিকো, স্পেনসহ বিভিন্ন দেশ উদ্ধারকারী দল, চিকিৎসাকর্মী, ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়েছে। পাশাপাশি জাতিসংঘ, আন্তর্জাতিক রেড ক্রস এবং ভ্যাটিকানও মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত হয়েছে।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, জাতিসংঘের স্বীকৃত বিশেষায়িত উদ্ধারকারী দলগুলো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার পরিবারকে জরুরি সহায়তা প্রদান করেছে ভেনেজুয়েলা সরকার।

আন্তর্জাতিক সহায়তা কার্যক্রমও দ্রুত বিস্তৃত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তার ঘোষণা দেওয়ার পর দেশটিতে মার্কিন সাউদার্ন কমান্ডের একটি সমন্বয়কারী দল কারাকাসে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সবচেয়ে বড় আন্তর্জাতিক সহায়তা বহরগুলোর একটি পাঠিয়েছে মেক্সিকো। দেশটি ২৬১ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল পাঠিয়েছে, যেখানে রয়েছেন উদ্ধারকর্মী, চিকিৎসক এবং ১৮টি অনুসন্ধানী কুকুর। তাদের সঙ্গে রয়েছে উন্নত উদ্ধার ও চিকিৎসা সরঞ্জাম।

চিলি চিকিৎসক, প্রকৌশলী ও উদ্ধার বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে। কলম্বিয়া পাঠিয়েছে তাদের সর্বোচ্চ সক্ষমতার উদ্ধার ইউনিট। ইউরোপের বিভিন্ন দেশের মধ্যেও সহায়তা অব্যাহত রয়েছে। সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের পাশাপাশি স্পেন ৫৯ জন উদ্ধারকর্মী, ৮টি ক্যানাইন ইউনিট এবং একটি সামরিক পরিবহন বিমান নিয়ে কারাকাসে পৌঁছেছে।

তবে উদ্ধারকারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্ষতিগ্রস্ত অবকাঠামো। ভূমিকম্পে বহু সড়ক, সেতু ও ভবন ধসে পড়ায় অনেক এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এছাড়া আফটারশকের আশঙ্কা এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের আঘাতে অসংখ্য ভবন ধসে পড়ে এবং দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ১৯০০ সালের পর ভেনেজুয়েলায় আঘাত হানা এটিই ছিল সবচেয়ে শক্তিশালী দুটি ভূমিকম্প। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: রয়টার্স

/এএসএফ