• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১০:১১ এএম


ভূমিকম্পের ২৪ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত বের হলেন এক নারী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুন ২০২৬ ৩:৩০ পিএম

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ২৪ ঘণ্টারও বেশি সময় পর এক নারীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। ঘটনাটি দেশজুড়ে চলমান উদ্ধার অভিযানের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

উদ্ধার হওয়া নারী রাজধানী কারাকাসের চাকাও এলাকার ধসে পড়া ‘ডন পেপে’ ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন। ভবনটি ধসে পড়ার একদিনের বেশি সময় পর উদ্ধারকারীরা তাকে জীবিত বের করে আনতে সক্ষম হন।

চাকাওর মেয়র গুস্তাভো ডুকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ভূমিকম্পের ফলে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে তাদের দল এখনো নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছে।

গত বুধবার (২৪ জুন) ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর দেশজুড়ে ২০টিরও বেশি আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিবিসির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং এর উৎপত্তিস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রথম কম্পনের মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

এদিকে বৃহস্পতিবার প্রকাশিত হালনাগাদ তথ্যে ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ২৩৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও বিপুলসংখ্যক মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে এলে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

/এসএন