মালয়েশিয়ার জনপ্রিয় বাজেট ক্যারিয়ার এয়ারএশিয়া এক্স
আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েল বা বিমানের জ্বালানির দাম কমে যাওয়ায় নিজেদের সব রুটে বিমান ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার জনপ্রিয় বাজেট এয়ারলাইন এয়ারএশিয়া এক্স।
বিমান সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বেনিয়ামিন ইসমাইল জানিয়েছেন, গত ১৫ জুন থেকে সব টিকিটের ক্ষেত্রে ৫ শতাংশ হারে ভাড়া কমানো হয়েছে। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে জেট জ্বালানির দাম আরও কমে এলে টিকিটের মূল্য পুনর্বিন্যাস করার পরিকল্পনাও রয়েছে তাদের।
এভিয়েশন খাতের বিশেষজ্ঞ লিঙ্গম সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক বৈশ্বিক বিমান পরিবহন খাতে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। তার মতে, মধ্যপ্রাচ্য সংকটের সময় যে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল, বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে এবং এর সুফল সরাসরি বিমান শিল্প পেতে শুরু করেছে।
বিমান শিল্পের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে লিঙ্গম বলেন, “জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এই শিল্পটি সত্যিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আশা করি, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আজ যেমন আছে তেমনই স্থিতিশীল থাকবে।”
আন্তর্জাতিক বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত শুক্রবার সিঙ্গাপুর জেট ফুয়েলের দাম প্রতি ব্যারেল প্রায় ১১২ ডলারে লেনদেন হয়েছে। অথচ গত ৩০ মার্চ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির তীব্র উত্তেজনার সময় এর দাম রেকর্ড সর্বোচ্চ ২৪২ ডলারে পৌঁছেছিল।
তবে সাম্প্রতিক এই বড় দরপতনের পরও জেট ফুয়েলের বর্তমান মূল্য এখনও মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর আগের স্বাভাবিক সময়ের তুলনায় বেশি রয়েছে। যুদ্ধ-পূর্ব সময়ে প্রতি ব্যারেল জেট ফুয়েলের দাম ছিল প্রায় ৮০ ডলার।
জ্বালানির মূল্য কমায় বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় হ্রাস পাচ্ছে, যার প্রভাব ইতোমধ্যে টিকিটের দামে পড়তে শুরু করেছে। এয়ারএশিয়া এক্সের সাম্প্রতিক সিদ্ধান্তকে সেই পরিবর্তনেরই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
/এসএন