• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম


হিজবুল্লাহর হামলায় ইসরাইলি ব্যাটালিয়ন কমান্ডারসহ নিহত ৪ সেনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুন ২০২৬ ৯:৩২ পিএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলি বাহিনীর নতুন করে সংঘর্ষে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। রাতভর চলা ভয়াবহ সংঘর্ষে ইসরাইলি সেনাবাহিনীর এক ব্যাটালিয়ন কমান্ডারসহ চারজন সেনা নিহত হয়েছেন। পৃথক হামলায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

ইসরাইলের সামরিক সূত্র এবং টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় কাফার তিবনিত এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দর গেডালিয়া বেন সিমহোনের ট্যাংক লক্ষ্য করে একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই চার সেনা নিহত হন।

আইডিএফ আরও জানায়, একই এলাকায় পরবর্তীতে আরও হামলার ঘটনা ঘটে, যাতে নতুন করে হতাহতের ঘটনা ঘটে। নিহত অন্য সেনাদের পরিচয় পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরাইলি পাল্টা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের খবর আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিলেও এই নতুন সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইসরাইলের সামরিক তৎপরতা নিয়ে ইরানের অসন্তোষের কারণে যুক্তরাষ্ট্র-ইরান নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নিহত ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দর গেডালিয়া বেন সিমহোন উত্তর ইসরাইলের কিবুতজ বেইত হাশিতার বাসিন্দা ছিলেন। তিনি বর্ডার ডিফেন্স কর্পসের একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের সময় তিনি নর্দার্ন কমান্ডের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

সাম্প্রতিক এই সংঘর্ষকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে বড় ধরনের উত্তেজনা এবং সংঘাত বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

/এএসএফ