• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১১:৩১ পিএম


শান্তি চুক্তির পরও রক্ত ঝরছে, লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ জুন ২০২৬ ১১:১৯ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণা এলেও লেবাননে ইসরাইলি হামলা থামেনি। দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে একাধিক ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের ভাষ্য, দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না হলে ইসরাইলকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ গভর্নরেটে একাধিক ইসরাইলি হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। লেবাননের জাতীয় বার্তাসংস্থা (এনএনএ) জানিয়েছে, মঙ্গলবার (১৬ জুন) মাইফাদুন এলাকায় দুটি গাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলা চালানো হয়। একই সময়ে শৌকিন গ্রামেও একটি গাড়িতে হামলা হয়। এসব হামলায় মোট চারজন নিহত হয়েছেন।

 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আলোচনার পুরো সময়জুড়ে তেহরান দাবি করে আসছিল, যেকোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরাইলি সামরিক অভিযান বন্ধ করতে হবে।

 

যদিও সমঝোতা স্মারকের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, তবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত সোমবার জানিয়েছেন, চুক্তিতে ‘লেবাননসহ সব ফ্রন্টে’ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার বলেন, দক্ষিণ লেবাননে ইসরাইলের অব্যাহত দখলদারিত্ব এবং হামলা চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, “এই যুদ্ধে দখল করা এলাকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার না হলে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না।”

 

একই ধরনের সতর্কবার্তা দিয়েছে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। তাদের দাবি, দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরাইলকে ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।

 

এদিকে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে বলেন, ইসরাইলকে যুদ্ধ বন্ধ, ঘরবাড়ি ধ্বংস বন্ধ এবং দখল করা লেবাননের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারে বাধ্য করতে হবে।

 

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার ঘোষণা আসার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দক্ষিণ লেবাননে ইসরাইলের দখলদারিত্ব অব্যাহত থাকবে। অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইরান তাদের আশ্বস্ত করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে।

 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ইসরাইলি হামলায় অন্তত ৩ হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন।

/এএসএফ