যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। ওমান উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেলবাহী বাণিজ্যিক ট্যাংকার চলাচল শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে।
শুক্রবার (১৯ জুন) আন্তর্জাতিক বাজারে লেনদেনের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের আগাম সরবরাহ মূল্য আউন্সপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬৮ শতাংশ কমে ৭৮ দশমিক ৩১ মার্কিন ডলারে নেমে এসেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও কমেছে। ডব্লিউটিআই ক্রুড আউন্সপ্রতি ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৬০ শতাংশ হ্রাস পেয়ে বর্তমানে ৭৬ দশমিক ১৪ মার্কিন ডলারে লেনদেন হচ্ছে।
জ্বালানি খাতের বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক সমঝোতা মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের যুদ্ধাবস্থার অবসানের সম্ভাবনা তৈরি করেছে। এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।
বিশেষজ্ঞরা জানান, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালির ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করায় তেলবাহী জাহাজগুলো এখন বাধাহীনভাবে চলাচল করতে পারছে। ফলে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, অতিরিক্ত তেল সরবরাহ নিশ্চিত হওয়ার খবরে আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে আস্থা ফিরে এসেছে। এর ফলে জ্বালানি তেলের বাজারে দাম কমার প্রবণতা দেখা দিয়েছে এবং বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে।
/এসএন